শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে: দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকটকে কেন্দ্র করে একটি মহল সরকারকে বিব্রত ও বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, সারের বর্তমান সংকটও কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামসাকাজিপুর জামে মসজিদে মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদার, মরহুমা জবেদা তালুকদার ও রাফিয়া তালুকদারের দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “এমন এক সময়ে ক্ষমতায় এসেছি, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের মতো আন্তর্জাতিক সংকট চলছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস ও লুটপাট করে গেছে। শেখ হাসিনাসহ তার দোসররা দেশের অর্থ-সম্পদ নিয়ে পালিয়ে গেছে এবং ব্যাংকগুলো খালি করে দিয়ে গেছে।”

সাবেক সরকারের বিদ্যুৎনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, কুইক রেন্টাল প্রকল্পের মাধ্যমে জনগণকে সাময়িকভাবে সন্তুষ্ট করা হলেও দেশকে ঋণে জর্জরিত করা হয়েছে। এর প্রভাব হিসেবে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমি জানি, এই বিদ্যুৎ ও গ্যাসকে কেন্দ্র করে আপনাদের মধ্যে একটি অশান্তি সৃষ্টি হয়েছে। কৃষি মৌসুম শুরুর আগেই বাংলাদেশের মানুষের বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

সারের সংকট প্রসঙ্গে দুলু বলেন, “আপনারা শুনে খুশি হবেন, এই সার সংকটও একটি কৃত্রিম সংকট। আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া ডিলারদের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে, যাতে পর্যাপ্ত পরিমাণে সার কৃষকদের কাছে সরবরাহ করা যায়।”

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও সার সংকটকে কেন্দ্র করে কোনো মহল সরকারকে বিব্রত ও বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। তবে কৃষকদের স্বার্থে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য রুহুল আমীন তালুকদার টগর, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর