মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিবগঞ্জের কিচকে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে ৪ হাজার চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অক্সিজেন সরবরাহ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম।

এ সময় কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলাউদ্দিন, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন আহমেদ, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মহসিন, কিচক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসেন ফরহাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার, ছাত্রদলের সভাপতি মো. মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় রূপসী বিডি গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১০০ টাকা করে তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হলে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধও তৈরি হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর