শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দুর্নীতি করে সরকারি টাকা আত্মসাৎ করলে জেলে যেতে হবে: দুলু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, সরকারি অর্থ দুর্নীতির মাধ্যমে কেউ আত্মসাৎ করলে তাকে আইনের আওতায় এনে জেলে যেতে হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নাটোরের ১৯৪টি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ২৬৭ জন অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, আগামী পাঁচ বছরে এর সুফল সাধারণ মানুষ পাবে। নাটোরের কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি সহায়তা থেকে বঞ্চিত হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দে অনিয়ম বা অর্থ আত্মসাতের সুযোগ দেওয়া হবে না। দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা ব্যক্তিগত পকেটে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি পরিণতি ভোগ করতে হবে।

অতীতের অনিয়মের প্রসঙ্গ তুলে দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি অর্থ নিয়ে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছিল, সেই ধরনের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। সরকারি তহবিলের অর্থের স্বচ্ছ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর