জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় যেতে চায়, বিকল্প পথে নয়: ডা. শাহাদাত হোসেন

0
164
চট্টগ্রাম ৯ আসন বিএনপির কর্মী সভায় ডা. শাহাদাত হোসেন / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়, কোনোভাবেই পেছনের দরজা দিয়ে নয়। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম–৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডা. শাহাদাত হোসেন বলেন, এই নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। ৩০০ আসনে বিজয় অর্জনের মাধ্যমেই জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়। তিনি বলেন, বিএনপি বরাবরই জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও গণরায়ের বাইরে অন্য কোনো পথ অনুসরণ করবে না।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন। দেশের স্বার্থে ধানের শীষ প্রতীককে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দল যার দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। দেশ পরিচালনায় কেবল রাজনৈতিক অভিজ্ঞতা নয়, সাহস, দক্ষতা ও সংকট মোকাবেলার সক্ষমতা প্রয়োজন, যা বিএনপির রয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে সেন্টার কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি বলেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিদেরও এই কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগম প্রমাণ করে—আল্লাহ যাকে সম্মান দেন, তাকে কেউ অপমান করতে পারে না।

দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বিএনপির অস্তিত্বের পরীক্ষা। সবাই ঐক্যবদ্ধ হলে আবু সুফিয়ানকে সংসদ সদস্য নির্বাচিত করা সম্ভব হবে এবং তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করা যাবে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে ধ্বংস করার নানা চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি। বিএনপি জনগণের দল বলেই এখনও শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম–৯ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তবে বিএনপি চায় সবাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে অংশ নিক। কারণ বিএনপি প্রতিযোগিতার মধ্য দিয়েই বিজয় অর্জন করতে বিশ্বাসী।

সভাপতির বক্তব্যে ৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তিনি তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here