চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতের প্রভাবে বিপর্যস্ত চরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।
রোববার (৪ জানুয়ারি) চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার। এছাড়া চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিতরণকৃত কম্বলগুলো চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেওয়া হয়। উল্লেখযোগ্য স্থানগুলো হলো— ৬নং ওয়ার্ড কুলনী (ভাটিশালেপুর), ২নং ওয়ার্ড কুলনী (শালেপুর মধ্য), ১নং ওয়ার্ড বালিরটেক (হাজার বিঘা কুলনী), বাদশার খেয়াঘাটপাড়, মাসুদ খানের হাট এলাকা।
শীতবস্ত্র পেয়ে চরের দরিদ্র ও নিম্নআয়ের মানুষরা খুশি প্রকাশ করেছেন। তারা বলেন, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক