কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় গরু সন্দেহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনগণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আখি মনি নামের এক নারীসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে চর ইটালুকান্দা গ্রামে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলিয়ার হোসেনসহ দুই বিজিবি সদস্য স্থানীয় ব্যক্তি শুকুর আলীর পালিত ৫টি গরুকে ভারতীয় দাবি করে আটক করতে গেলে এলাকাবাসী বাধা প্রদান করে। এতে বিজিবি ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ধাক্কাধাক্কি হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আহত আখি মনিকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরুর মালিকের স্ত্রী জয়গুন বেগম অভিযোগ করেছেন, “কারও মিথ্যা তথ্য শুনে বিজিবি সদস্যরা আমাদের গরু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাধা দেওয়ার পর আমার বড় মেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে, ছোট মেয়ে শ্যামলী আক্তারকেও আঘাত করা হয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম বলেন, গরু ভারতীয় নয় এবং তারা চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন না। ঘটনাস্থলে উলিপুর ও রৌমারী এলাকার স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত করতে কাজ করেছে।
সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোনায়েম জানান, বিজিবির কোনো সদস্য আহত হয়নি। তবে তাদের পোশাক টানাটানি ও ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কুড়িগ্রাম রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাওসার আলী জানিয়েছেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

