কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

0
174
নিহত বিজিবি সদস্য মোঃ নাসিম উদ্দীন / ছবি - সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী একটি বিওপি ক্যাম্পে দায়িত্ব পালনকালে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপি ক্যাম্পে ঘটনাটি ঘটে। বিষয়টি দুপুর ১২টার দিকে নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান নাঈম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দীন (২৪)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের মো. বাবুল মণ্ডলের ছেলে এবং পদে সিপাহী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের টহল ডিউটির জন্য ইউনিফর্ম পরে নিজের দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন নাসিম উদ্দীন। পরে ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের ভেতরে অবস্থানকালে তিনি নিজের বুকে গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

সহকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।

শুক্রবার সকালে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here