শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

কলম হোক সত্য ও সাহসের সৈনিক: উপসচিব সেলিম রেজা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
গাজীপুর সাংবাদিক পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

গাজীপুর, ১ জানুয়ারি ২০২৬— সাংবাদিকদের উদ্দেশে “সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালনের” আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ড. সেলিম রেজা। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

গাজীপুর সাংবাদিক পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

‘সত্য ও শোষিতের পক্ষে’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সাংবাদিক পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. মোজাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ড. সেলিম রেজা।

তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বাড়াতে সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক সেলিম ভুঁইয়া এবং প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা কবি, সাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। এছাড়া পরিবেশবিদ ও সাংবাদিক সাঈদ চৌধুরী, সাংবাদিক মিঠুন সিদ্দিকী, এস এম জহিরুল ইসলাম, হাবীবুর রহমান, আলমগীর ইসলাম, ইব্রাহিম সরকার, শেখ ফরিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও মতামত তুলে ধরেন।

বক্তারা গাজীপুর সাংবাদিক পরিষদের গত এক বছরের কার্যক্রমের প্রশংসা করে বলেন, স্বল্প সময়ে সংগঠনটি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে এর কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শরীফ উসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর