অবৈধ বালু উত্তোলন বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

0
184
২৪ ঘণ্টার মধ্যে পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন বন্ধ করার দাবি / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘাত ক্রমেই প্রাণঘাতী রূপ নিচ্ছে। গত ১৪ মাসে শুধু রাউজান উপজেলায় খুন হয়েছেন ১৭ জন। এ পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফেরাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সদস্য সচিব আদনান হোসেন রাফি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে তিনি এই আল্টিমেটাম প্রদান করেন।

রাফি বলেন, “অনেকদিন ধরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন করছি। প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছে, কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বালু উত্তোলন ও রাউজান–রাঙ্গুনিয়া সড়কে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। প্রয়োজনে উপজেলা কেন্দ্রীক ব্লকেড কর্মসূচি পালন করবো।”

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ওভারলোড ড্রাম ট্রাক চলাচলের কারণে রাউজান–রাঙ্গুনিয়া সড়ক জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে রাজনৈতিক আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও খুন–খারাবি প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।

সাধারণ ছাত্রদের পক্ষে মো. আহাদ ফারহান বলেন, “অবৈধ বালুর ব্যবসাই রাঙ্গুনিয়া-রাউজানের অধিকাংশ সংঘাতের মূল কারণ। ইতোমধ্যে বহু প্রাণহানি ঘটেছে। পরিবেশ ধ্বংসের পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, এই পরিস্থিতির দায় কেউ এড়াতে পারবে না।”

বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ড্রাম ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here