চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বাসভবন (ডিসি হিল) থেকে বের হওয়া গাড়ির ধাক্কায় অন্তঃস্বত্ত্বা একটি কুকুরের মৃত্যুর ঘটনায় দুইজনের বিরুদ্ধে আদালতে ‘হত্যা মামলা’ দায়ের হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মামলা করেন তোফায়েল আহমেদ নামে এক তরুণ, যিনি নিজেকে একজন ‘পশুপ্রেমী’ হিসেবে আরজিতে উল্লেখ করেছেন। আদালত মামলা গ্রহণ করে কোতোয়ালি থানাকে সরাসরি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী নাজনীন জেনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় পশু হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় পিকআপ ভ্যানের চালক এবং ডিসি হিলের মূল ফটকের নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছে। তাদের নাম জানা না থাকায় পুলিশের তদন্তে পরিচয় শনাক্ত করার অনুরোধ করা হয়েছে।
আদালত ১৫ দিনের মধ্যে আসামিদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারসহ তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাত ১১টা থেকে ১২টার মধ্যে নন্দনকানন এলাকায় ডিসি হিলের মূল ফটকের সামনে অন্তঃস্বত্ত্বা কুকুরটি বসে ছিল। ভেতর থেকে একটি সাদা পিকআপ ভ্যান বের হতে গেলে নিরাপত্তাকর্মী ফটক খুলে দেন। তিনি কুকুরটিকে সরানোর চেষ্টা করেননি, চালককেও সতর্ক করেননি। পরে পিকআপ ভ্যানটি কুকুরটিকে চাপা দিয়ে চলে যায়। গাড়িচালক বিষয়টি বুঝলেও থামেননি, আর নিরাপত্তাকর্মীও কোনো ব্যবস্থা নেননি।
কুকুরটির মৃত্যু এবং অবহেলাজনিত এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মামলার বাদী জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

