রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী নগরীর সাহেব বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অমিত ফ্যাশনে আগুন লাগার পর মুহূর্তেই পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় ১৫–২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে দমকলকর্মীদের তৎপরতায় প্রায় ২ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালেই বাজারে ধোঁয়া দেখা গেলে ব্যবসায়ীরা ছুটে আসেন। প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তিনটি দোকানের সব কাপড় পুড়ে যায়।
দমকলকর্মীরা জানান, দোকানগুলোতে প্রচুর কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
এই বাংলা/এমএস
টপিক

