নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি এলজিইডি রাস্তার পাশের ৩১টি মেহগনি গাছ কাটার অভিযোগে মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ঠিকাদার রেজাউল হাসান ভূঞা সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে রেজাউল হাসান ভূঞা সুমন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাদী, মাসকা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জলিল রবিবার থানায় মামলা করেন। মামলায় রেজাউল হাসান ভূঞা সুমনের নাম উল্লেখের পাশাপাশি আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এলজিইডি আলমপুর-দিঘলী সড়কের দিঘলী মোড় থেকে জিলু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজের সময় ঠিকাদার রেজাউল হাসান ভূঞা সুমন গত মঙ্গলবার কোনো অনুমতি ছাড়াই রাস্তার দুই পাশে থাকা ৩১টি মেহগনি গাছ কেটে ফেলেন। পরে রাতের দিকে গাছগুলো স্থানীয় ট্রাকে স্থানান্তর করার সময় স্থানীয়রা গাছ জব্দ করেন।

রেজাউল হাসান ভূঞা সুমন সাংবাদিকদের বলেন, “রাস্তা দ্রুত পাকাকরণের জন্য স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নিজ খরচে গাছগুলো কেটে শিমুলতলা বাজারে সরিয়ে রেখেছি। কর্তৃপক্ষকে জানালে নিয়ম অনুযায়ী বিক্রি করা হবে।”
কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল-আমিন সরকার বলেন, “গাছ কাটার আগে কর্তৃপক্ষকে জানানো ও অনুমতি নেওয়া বাধ্যতামূলক।” কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মামলার পর থেকে রেজাউল হাসান ভূঞা সুমনকে পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এই বাংলা/এমএস
টপিক