কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন গ্রামে অগ্রায়ণ মাস থেকে আমন ধান কাটা শুরু করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, পৃথিম পাশা, রবিরবাজার, টিলাগাঁও, রাৎগাঁও, কাদিপুর, কর্মধা, হাজিপুর, শরিফপুরসহ উপজেলার সব ইউনিয়নে কৃষকরা হাসি মুখে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রামের ঐতিহ্যবাহি ধান কাটার মৌসুম শুরু হলেও আধুনিক যন্ত্রের ব্যবহার বেড়েছে। কিছু কৃষক এখনও হাতে ধান কেটে থাকলেও নতুন প্রযুক্তির ধান কাটা যন্ত্র ব্যবহার করলে সময় ও শ্রম দুইই কম লাগে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, নতুন ধান ঘরে তুলতে পিঠা তৈরি, মাচান বা গুদাম প্রস্তুত করার মতো আনন্দঘন কাজের মধ্যে তারা ব্যস্ত।
কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এই বছর কুলাউড়ায় ১৯,৩৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। স্থানীয় জাত ‘স্বর্ণা’, ‘রঞ্জিত’, ‘আসামি’ এবং আধুনিক জাত যেমন ‘ব্রিধান’, ‘উনপঞ্চাশ’, ‘একাত্তর’, ‘পচাত্তর’, ‘সাতাশি’ ও ‘১০৩’ এর ফলন ভালো হয়েছে। বর্তমানে প্রায় ১৫% ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং ডিসেম্বরের ২০-২৫ তারিখের মধ্যে পুরো ধান কাটার আশা করা হচ্ছে।
স্থানীয় কৃষকরা বলেন, “আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে এবারও সোনালী ফসল ঘরে তুলতে পারব। ফলে কৃষকের মুখে হাসি ফিরবে।” কৃষি বিভাগও নতুন জাতের ধান চাষ এবং ফসলের ক্ষতি রোধে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছে।
এই বাংলা/এমএস
টপিক

