নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলার ফেকনি হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়রা হাওরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। দিদারুল তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিবারের সদস্যরা জানান, দিদারুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতেন। শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা থানায় যান।
মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পরিবার সূত্রের তথ্য অনুযায়ী দিদারুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দিদারুলের মৃত্যুতে পরিবারকে সান্ত্বনা জানাতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় লক্ষ করা যায়। এলাকাবাসীর ভাষ্য, শান্ত-স্বভাবের হওয়ায় দিদারুল সবার কাছে ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এর আগে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই বাংলা/এমএস
টপিক