ঝিনাইগাতীতে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
175
জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়সংলগ্ন বনরাণী এলাকার সীমান্ত সড়কের পাশের ঘন জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয় এক নারী জঙ্গলে হাঁটতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে জঙ্গলের ভেতরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে সকালে মরদেহটি চোখে পড়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেখানে ভিড় জমায় কৌতূহলী মানুষ।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের আলামত হিসেবে মনে করছে পুলিশ। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি স্যামসাং বাটন ফোন, বাংলালিংকের দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে নারীটিকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটির রহস্য উদঘাটনে সব ধরনের আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।”

অজ্ঞাত এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে, হত্যার মোটিভ, পরিচয় ও হত্যাকারী শনাক্তে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here