নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে ঢাকাগামী একটি নৈশকোচের ধাক্কায় আবুল হোসেন (৪৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি মীরধা পাড়ার বাসিন্দা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নামিয়ে বাড়ি ফেরার সময় তোহা এন্টারপ্রাইজের ঢাকাগামী একটি নৈশকোচ পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে আবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে সৈয়দপুর বাইপাস সড়কে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়গামী যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ ও আনসার সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘাতক বাসটি শনাক্তে অভিযান চলছে।
এই বাংলা/এমএস
টপিক

