শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুলাউড়া সীমান্তে ভারতীয় তামাকজাত পণ্য জব্দ, মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

উদ্ধার করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর