ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব শেষে শারীরিক অসুস্থতা বোধ করায় পুলিশ লাইনে অবস্থান করেন।
পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, অসুস্থ হয়ে পড়লে শহিদুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
তাঁর মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এই বাংলা/এমএস