বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে নিষিদ্ধ রাসায়নিক ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় নিষিদ্ধ রাসায়নিক, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ‘আল আমিন স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেন।

অভিযান সূত্রে জানা গেছে, আল আমিন স্টোরে তল্লাশি চালিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ, চিনির তুলনায় প্রায় ৩০ গুণ বেশি মিষ্টি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট এবং বিরিয়ানিতে ব্যবহৃত নিষিদ্ধ কেওড়াজল বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া প্রতিষ্ঠানটি থেকে মেয়াদোত্তীর্ণ সস, বিভিন্ন খাদ্যপণ্য, নামবিহীন প্রতিষ্ঠানের পণ্য এবং নকল ও লেবেলবিহীন খাদ্য উপকরণ উদ্ধার করা হয়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা হয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো। পরবর্তী সময়ে সেগুলো ধ্বংস করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল জেলা পুলিশের একটি দল।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর