মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমানকে (১৮) শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া চোরাই ব্যাটারি কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কোজারগাঁও এলাকার আছকান মিয়া (২৭), বড়বাড়ি সোনাপুর এলাকার আমিন আলী (৪৫), সিংকাপন এলাকার সোহেল মিয়া (৩২) এবং মোস্তফাপুর এলাকার ব্যাটারি ব্যবসায়ী আব্দুল মোসাব্বির (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর মডেল থানা-পুলিশ। পরে পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত ব্যক্তি হাবিবুর রহমান। তিনি সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন তিনি।
মরদেহ উদ্ধারের পর হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে সদর মডেল থানা-পুলিশের বিশেষ দল। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আছকান, আমিন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, বড়হাট এলাকার আবিদা স্টোর থেকে অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে চোরাই ব্যাটারি কেনার অভিযোগে ওই দোকানের ব্যবসায়ী আব্দুল মোসাব্বিরকেও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর পরিচয়ে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় আমিন আলীর বাড়িতে। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আমিন। বাড়িতে পৌঁছানোর পর আছকান ও আমিন কৌশলে হাবিবুরকে আটক করেন। পরে ফোন করে সোহেলকে সেখানে ডেকে আনা হয়।
সোহেল পৌঁছানোর পর তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হত্যার পর মরদেহটি আমিনের ঘরের এক পাশে রাখা হয়।
পরে আছকান ও সোহেল অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের ব্যবসায়ী আব্দুল মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ব্যাটারি বিক্রির অর্থ দিয়ে ইয়াবা কিনে তাঁরা আবার আমিনের বাড়িতে ফিরে তিনজন মিলে মাদক সেবন করেন বলে জানিয়েছে পুলিশ।
পরদিন ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ের ঝোপের মধ্যে ফেলে রেখে তাঁরা নিজ নিজ বাড়িতে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই বাংলা/এমএস