জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে দুটি ভেকুর ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে ভেকুর চালকেরা পালিয়ে যান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে তাঁকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।
অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। তবে চালকেরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস