বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ওয়ারিশি সম্পত্তি বঞ্চিত ও জাল দলিলের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ আবুল খায়েরের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি আত্মসাৎ, ওয়ারিশদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা, প্রতারণা ও জাল দলিল তৈরির অভিযোগ উঠেছে। এ ছাড়া পরিবারের নারী সদস্যদের হয়রানি, হুমকি, মারধর ও বাড়িঘরে হামলার অভিযোগও করেছেন তাঁর স্বজনেরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, সম্পত্তি ফেরত এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক ও সামাজিক প্রভাব কাজে লাগিয়ে হাফেজ আবুল খায়ের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে নানা অনিয়ম ও প্রতারণা করেছেন। বিশেষ করে বাবার মৃত্যুর পর বড় বোন মারজান আক্তারকে তাঁর প্রাপ্য ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের দাবি, বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি বণ্টন ও বিক্রির ক্ষেত্রেও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বড় বোনের মেয়ে মাতাহারা আক্তারের কাছ থেকে জমি বিক্রির কথা বলে পুরো টাকা নেওয়া হলেও পরে মাত্র ৩৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। বাকি জমির বিষয়ে জানতে চাইলে তাঁকে একটি কথিত জাল দলিল দেওয়া হয়। এ নিয়ে জমির মালিকানা নিয়ে বিরোধ তৈরি হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরিবারের বিধবা সদস্য রুমা আক্তারকে বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও বাড়ি নির্মাণ করা হয়নি। পরে টাকা ফেরত চাইলে তাঁকে হয়রানি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনেরা।

এ ছাড়া রুমা আক্তারের নাতি সাইফুল ইসলামের কাছ থেকেও জমি বিক্রির প্রলোভন দেখিয়ে কথিত জাল দলিলের মাধ্যমে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়। এ ঘটনায়ও আদালতে মামলা চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পরিবারের সদস্যদের আরও অভিযোগ, এসব অনিয়ম ও প্রতারণার প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি বাড়িঘরে হামলা, মারধর এবং নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তাঁরা। এসব কারণে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, পারিবারিকভাবে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও তাঁরা কোনো কার্যকর সমাধান পাননি।

এ সময় তাঁরা তিন দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ সাংগঠনিক তদন্ত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া; প্রয়োজনে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা।

পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আত্মসাৎ করা অর্থ ও সম্পত্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

ভুক্তভোগীরা জানান, অভিযোগের সমর্থনে কথিত জাল দলিল ও আর্থিক লেনদেনের প্রমাণসহ বিভিন্ন নথিপত্র তাঁদের কাছে রয়েছে। প্রয়োজনে এসব নথি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাফেজ আবুল খায়েরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর