সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পর্যটকদের নিরাপত্তায় ছাড় নয়, লাইসেন্সবিহীন রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারে বৈধ লাইসেন্স ছাড়া কোনো হোটেল, মোটেল বা রিসোর্ট পরিচালনা করা যাবে না। যেসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স নেই, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে হোটেল-রিসোর্ট মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, মৌলভীবাজার একটি পর্যটনসমৃদ্ধ জেলা। এখানে দেশ-বিদেশের পর্যটকেরা ঘুরতে আসেন। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে অবস্থান নিশ্চিত করতে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা, আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার কোনো হোটেল, মোটেল বা রিসোর্টে নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যাতে অবস্থান করতে না পারেন, সে বিষয়ে মালিকদের সতর্ক থাকতে হবে। অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে যথাযথ তথ্য সংরক্ষণসহ সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়াসহ জেলার সব উপজেলার হোটেল-রিসোর্ট মালিকদের এ বিষয়ে সচেতন থাকার নির্দেশনা দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা ফখরুল ইসলাম এবং মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন।

মতবিনিময় সভায় জেলার হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা, বৈধ লাইসেন্স গ্রহণ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কয়েকজন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্টের মালিকরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর