সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নলডাঙ্গায় সরিষা ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৬০ হাজার টাকার ফসল নষ্ট; আহত ৩

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে সরিষা ক্ষেতে বিষ প্রয়োগ করে গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক পরিবারের সদস্যরা। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. জাহিদুল ফৌজদার (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা মৌজায় জাহিদুল ফৌজদারের পৈতৃক সম্পত্তিতে রোপণ করা সরিষা ক্ষেতে ১ ও ৩ নম্বর বিবাদী ঘাস মারার পুরোনো ওষুধ প্রয়োগ করে গাছ পুড়িয়ে দেন। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জাহিদুলের দাবি, তাঁর পৈতৃক সম্পত্তির আর খতিয়ান নম্বর ৮২২, আরএস দাগ নম্বর ২৯১৮ ও ১৯১৯-এর মোট ১ দশমিক ৭৬ একরের মধ্যে ৫৫ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তাঁর চাচাতো ভাই মো. আব্দুল হান্নান (৪৮) বাঁশিলা বাজারের একটি চায়ের দোকানের সামনে ১ ও ৩ নম্বর বিবাদীর কাছে সরিষা ক্ষেতে ওষুধ প্রয়োগের কারণ জানতে চান। এ সময় তাঁরা সরিষা ক্ষেতে ওষুধ দেওয়ার কথা স্বীকার করে যা পারেন করতে বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নয়জন বিবাদী দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বাঁশিলা ফৌজদারপাড়া গ্রামে মো. মিঠুর (৩৪) বসতবাড়ির সামনে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ১ নম্বর বিবাদী লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মিঠুর মাথায় আঘাত করলে তাঁর কপালের বাম পাশে রক্তাক্ত জখম হয়। পরে ১ ও ২ নম্বর বিবাদী তাঁকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

এ সময় মিঠুর চিৎকার শুনে জাহিদুলের ভাতিজা মো. আকাশ (২৫) এগিয়ে এলে ৩ নম্বর বিবাদী বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে আকাশের বাম চোখের ওপর ভ্রুর কাছে আঘাত লাগে। পরে ৩ ও ৪ নম্বর বিবাদী তাঁকেও মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একই সময় আকাশের চিৎকার শুনে জাহিদুলের ভাবি মোছা. ঝর্ণা বেগম (৫০) এগিয়ে এলে ৬ ও ৮ নম্বর বিবাদী তাঁকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় তাঁর মাস্ক টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলা এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগিতায় আহত মো. মিঠু, মো. আকাশ ও মোছা. ঝর্ণা বেগমকে অটোরিকশাযোগে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় মো. জাহিদুল ফৌজদার বাদী হয়ে মো. রাজ্জাক আলীসহ (৩৮) নয়জনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাক্ষী হিসেবে মো. হানিফ, মো. গোলাম ও মো. আতাউরের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর