মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল-২০২৬’।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ১৯১ নম্বর দক্ষিণ মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে তারুণ্যের আলো যুব সংঘ।
প্রতিযোগিতার ফাইনালে টাইব্রেকারে মাদারবুনিয়া সেকান্দার আলী স্মৃতি সংসদকে এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মরিচবুনিয়া বিজয় একাদশ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মিরাজুল হক। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গোলদাতা মিরাজ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিচবুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মিঠু মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন মরিচবুনিয়া ইউনিয়নের কৃতী সন্তান এবং মরিচবুনিয়া ঐক্য ও উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট মাকসুদ আহমেদ হাবিব মৃধা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান কালডি মৃধা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের খান, সদর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মামুন মৃধা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বশার মাদবর, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্জাক মাদবর, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন প্যাদা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. খবির উদ্দিন আকন এবং ইউপি সদস্য হোসাইন মেম্বরসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।
প্রতিযোগিতায় শত শত দর্শকের সমাগম ঘটে। খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মাকসুদ আহমেদ হাবিব মৃধা বলেন, ছাত্র ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এই বাংলা/এমএস