শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রাজশাহীতে রোগ-ব্যাধি থেকে মুক্তি ও বিশ্বশান্তির প্রার্থনায় রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বালন

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সবার মঙ্গল কামনা ও রোগ-ব্যাধি থেকে মুক্তির প্রার্থনায় রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাহফুজুর রহমান রিটন আরও বলেন, সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। রাজশাহী শান্তির শহর উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এ নগরীকে শান্তিপূর্ণ, নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মুঈদুর রহমান মঈদ, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, রাজশাহী জজকোর্টের এপিপি অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন এবং ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মির্জা রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ইন্দ্রানী ব্যানার্জী। সহযোগিতায় ছিলেন শাওন রায় সানি। পূজা পরিচালনা করেন সঞ্জীবন কুমার ব্যানার্জী। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর