শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শাকিব খানের সিনেমায় অভিনয়ের প্রলোভন, রেদওয়ান রনি-বুলবুল টুম্পার নাম ভাঙিয়ে প্রতারণা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
নির্মাতা রেদওয়ান রনি ও মডেল বুলবুল টুম্পা / ছবি - সংগৃহীত

দীর্ঘদিন ধরে মডেলিংয়ে যুক্ত রয়েছেন বুলবুল টুম্পা। এ দেশে হাতে গোনা কয়েকজন তারকাখ্যাতি পাওয়া যারা আছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। অন্যদিকে, প্রযোজক ও নির্মাতা রেদওয়ান রনির পরিচিতিও নতুন করে বলার কিছু নেই। ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও তিনি।

এবার এই দুই মিডিয়া ব্যক্তিত্বের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালানো হয়েছে। ভুয়া ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করছে একটি চক্র। এমন প্রতারণার মুখোমুখি হয়েছেন শিশুশিল্পী দিশামনির অভিভাবক রিমা আক্তার।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রিমা। সেখানে দেখা যায়, প্রযোজক ও নির্মাতা রেদওয়ান রনির পরিচয় দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে ফোনে কথা বলছেন। ওই ব্যক্তি জানান, শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা তৈরি করছেন তিনি, যার নাম ‘তূর্য’। সেই সিনেমায় একজন শিশুশিল্পী দরকার। তাই দিশা মনিকে প্রয়োজন। সিনেমায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রের জন্যই দিশাকে বেঁছে নেওয়া হয়েছে; শুটিং শুরু ডিসেম্বরেই- রিমাকে জানান সেই ব্যক্তি।

তবে কথাবার্তার একপর্যায়ে সন্দেহ হয় রিমার। তিনি ও তার এক সহকর্মী ওই ব্যক্তিকে নানা প্রশ্ন করতে শুরু করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ফোন কেটে দেন কথিত রেদওয়ান রনি।

এরপর এই প্রতারণার আগের ঘটনা জানান রিমা। তিনি বলেন, বুলবুল টুম্পার পরিচয়ে তাকে একটি মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে দিশা কাজ করবে। এ জন্য রনি ভাইয়ের সঙ্গে কথা বলতে বলা হয় তাকে। এমনকি রেদওয়ান রনির নাম ও পরিচয় ব্যবহার করে একটি ফোন নম্বরও দেওয়া হয়।

রিমা বিষয়টি নিয়ে রসিকতা করে বলেন, ‘ওরা আমাকে তার সঙ্গে খুব নরম সুরে কথা বলার জন্য বলেছে।’ এরপর সেই কথিত রেদওয়ান রনি তাকে মুঠোবার্তায় তার সঙ্গে যোগাযোগ করেন।

শিশুশিল্পী দিশামনি ও রিমা আক্তার

বিষয়টি নিশ্চিত হতে বুলবুল টুম্পার সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন টুম্পা জানান, যে নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে, সেটি তার নয়। এরপর সামাজিক মাধ্যমে সবাইকে সতর্ক করে রিমা জানান, এটি প্রতারণার ঘটনা। এভাবে পরিচিত ব্যক্তিদের নাম ব্যবহার করে মিডিয়ার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে প্রতারকরা।

বিষয়টি নজরে আসে রেদওয়ান রনির। রিমার প্রকাশ করা ভিডিওটি শেয়ার করে নিজের ফেসবুক পোস্টে প্রতারণার বিষয়ে সতর্ক করেন এই প্রযোজক ও নির্মাতা।

রেদওয়ান রনি লেখেন, ‘বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া নম্বর ও প্রোফাইল থেকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে যোগাযোগ করা হচ্ছে। এর আগেও এমন দুইজন প্রতারককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

সঙ্গে নিজের ব্যক্তিগত নম্বরটি যুক্ত করে দেন রনি। উল্লেখ করেন, ‘সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি শুধুমাত্র এই নম্বরটি ব্যবহার করি: +88017**65**85 অপরিচিত কেউ আমার পরিচয়ে যোগাযোগ করলে অনুগ্রহ করে নম্বরটির সিরিজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই আমার ভেরিফায়েড সামাজিক মাধ্যমের প্রোফাইল ছাড়া যোগাযোগ না করার অনুরোধ রইল।’

পাশাপাশি নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যমের প্রোফাইলের লিংকও দিয়েছেন তিনি।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে বুলবুল টুম্পার কোনো বক্তব্য বা পোস্ট দেখা যায়নি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর