কুড়িগ্রামে স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় এস এম ওয়ালি উল্লাহ (৪৩) নামে এক কলেজ প্রভাষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশের একটি বিশেষ দল কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তের মধ্যে ২০২৫ সালের ২ জুলাই রেজিস্ট্রিকৃত কাবিননামার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তাঁরা চিলমারী উপজেলা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত ওয়ালি উল্লাহ চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক।
বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই ওয়ালি উল্লাহ তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি আবারও পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে মারধর করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে বাদী আইনজীবীর মাধ্যমে তাঁকে পৃথক আইনি নোটিশ পাঠান। পরবর্তী সময়ে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমেও বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযুক্তের অসহযোগিতার কারণে আপস-মীমাংসা সম্ভব হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩)-এর ১১(গ) ধারায় আদালতে মামলা করেন। মামলার নথিতে চিকিৎসা গ্রহণ, আইনি নোটিশ এবং লিগ্যাল এইড অফিসের প্রতিবেদনসহ বিভিন্ন তথ্যের উল্লেখ রয়েছে।
এ বিষয়ে চিলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মজিবল হায়দর চৌধুরীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযুক্ত ওয়ালি উল্লাহর মা মোছা. আনোয়ারা বেগম তাঁর ছেলের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, “আমার ছেলে গ্রেপ্তার হয়েছে—এজন্য দেশের আইন-আদালত আছে। আইন অনুযায়ী যা হওয়ার, তাই হবে।”
মামলার বাদী বলেন, “ওয়ালি উল্লাহ ২০২৫ সালের ২ জুলাই নানা প্রলোভন দেখিয়ে আমাকে বিয়ে করে। সুমহান ইসলামের লেবাস ধারণ করে সে আমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে প্রতারণা করেছে। সে একজন মুখোশধারী ক্রিমিনাল। আমি আশঙ্কা করছি, সে আমার মতো আরও অনেকের জীবন নষ্ট করেছে। আমি রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ওয়ালি উল্লাহর স্ত্রীর করা মামলায় গত ১১ নভেম্বর ওয়ারেন্টমূলে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এই বাংলা/এমএস