রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মানিকছড়িতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন, সহায়তার অপেক্ষায় বৃদ্ধ দম্পতি

অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ফকিরনালা গ্রামে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন ৭১ বছর বয়সী থুঅং মারমা ও তাঁর স্ত্রী উচাইঞো মারমা। আর্থিক অসচ্ছলতা ও দেখভালের মানুষের অভাবে চরম দুর্ভোগে দিন কাটছে এই বৃদ্ধ দম্পতির।

স্থানীয় সূত্রে জানা যায়, থুঅং মারমা ও তাঁর স্ত্রীর চার সন্তান রয়েছেন। তবে সন্তানরা পৃথক সংসার গড়ে আলাদাভাবে বসবাস করায় বৃদ্ধ বয়সে তাঁদের দেখাশোনার মতো কেউ নেই। দিনমজুরির ওপর নির্ভরশীল এই দম্পতির বয়সের ভারে এখন কাজ করাও কঠিন হয়ে পড়েছে।

নিজস্ব আয়ের নির্দিষ্ট কোনো উৎস না থাকায় তাঁদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এর ওপর বসবাসের মাটির ঘরটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি কিংবা ঝড়ো বাতাসে ঘরটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি উষাজাই মারমা ও মারমা ঐক্য পরিষদের নেতা মংমং বলেন, হতদরিদ্র থুঅং মারমার মাটির ঘরটি যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই অসহায় দম্পতির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি আবাসন সহায়তা কিংবা বিত্তবানদের সহযোগিতা পেলে বৃদ্ধ দম্পতির জন্য নিরাপদ একটি বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর