শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়া, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাস এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিনসহ অন্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, তাৎপর্য ও জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা জাসাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে, বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেয়র চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপির পৃথক কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর