বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মৌলভীবাজার সদর মডেল থানার ওসিসহ চার কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠত্বের পুরস্কার

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজার জেলা পুলিশের অক্টোবর মাসের কর্মদক্ষতা মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর মডেল থানার কর্মকর্তারা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তাসহ একাধিক স্বীকৃতি পেয়েছেন এ থানার পুলিশ সদস্যরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

অক্টোবর মাসের কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। একই থানার এসআই ওবায়দুল্লাহ শ্রেষ্ঠ এসআই এবং এএসআই মো. রানা মিয়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন। অন্যদিকে, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জুড়ী ট্রাফিক বিভাগের টিএসআই মো. আলাউদ্দিন।

এ ছাড়া বিভিন্ন মামলার তদন্তে বিশেষ সাফল্য, আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল ও আলামত উদ্ধার এবং আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিন কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। তাঁরা হলেন বড়লেখা থানার এসআই শফিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া এবং মৌলভীবাজার সদর থানার এসআই আশরাফুল আলম চৌধুরী।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত সমস্যা ও সেগুলোর সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জনসাধারণকে পেশাদারত্বের সঙ্গে সেবা দেওয়া এবং পুলিশের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জেলা পুলিশের সব ইউনিটকে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আসন্ন শীত মৌসুমে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি নিশ্চিত করতে থানার ওসিদের নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর