নীলফামারীর কিশোরগঞ্জে অভিনব পদ্ধতিতে মাদকবিরোধী প্রচারণা শুরু করেছে ‘ভয়েস অব কিশোরগঞ্জ’ নামে একটি সংগঠন। মঙ্গলবার রাতে হ্যান্ড সাউন্ড বক্সে মাদকবিরোধী স্লোগান প্রচার, লিফলেট ও ফেস্টুন নিয়ে উপজেলার বড়ভিটা বাজারের দোকানে দোকানে প্রচারণা চালান সংগঠনটির সদস্যরা।
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—এ স্লোগান সামনে রেখে বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে পুরো বাজার প্রদক্ষিণ করেন তাঁরা।
আয়োজকেরা জানান, প্রচারণায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন মাদকবিরোধী কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্যবসায়ীরা বাজারে বাজারে, পাড়ায় পাড়ায়, মহল্লায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রচারণা চালানোর আহ্বান জানান।
ভয়েস অব কিশোরগঞ্জ মাদকবিরোধী কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ ও সদস্যসচিব সাংবাদিক আবু হাসান শেখের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান ও খোকনুজ্জামান, সদস্য আশরাফুল ইসলাম রাজু এবং গণমাধ্যম সেলের সাহেব আলীসহ স্থানীয় যুবক ও বাসিন্দারা অংশ নেন।
এই বাংলা/এমএস