শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নাটোরে ২ হাজার ২০০ অংশগ্রহণকারীর ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বাংলাদেশ স্কাউটসের ৬ দিনব্যাপী ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় রাণী ভবানী রাজবাড়ী চত্বরে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠছে। নিজেদের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তারা নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব দেবে।

বিশ্বজুড়ে প্রায় ছয় কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাঁদের অবদান ব্যাপকভাবে মূল্যায়িত হবে।

নাটোরের উন্নয়ন প্রসঙ্গে হুইপ বলেন, রাণী ভবানীর রাজবাড়ী ও উত্তরা গণভবনসহ পুরো নাটোরকে সুন্দর, বাসযোগ্য, শান্তিময় ও বিনোদনসমৃদ্ধ শহর হিসেবে গড়ে তোলা হবে। আগামী চার বছর পর একটি নতুন ও পরিচ্ছন্ন নাটোর দেখতে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের পরিচালক মো. সাইফুল ইসলাম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি কাব স্কাউট সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। পরে স্কাউট সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর শেষ হতে যাওয়া এ ক্যাম্পুরীতে রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ মোট ২ হাজার ২০০ জন অংশ নিচ্ছেন।

শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবামূলক মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরীতে ১২টি ‘উচ্ছ্বাস’ ও ৫টি ‘উৎসব’-এর আয়োজন করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর