কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুই বোন মালিহা ও নাবিলার দাফন সম্পন্ন হয়েছে। তাঁদের মৃত্যুতে গ্রামের বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুপুরে উপজেলার বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই বোনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
নিহত মালিহা ও নাবিলা নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাউসাইদ গ্রামের বাসিন্দা মামুনুর রশীদ মামুনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রেস্টুরেন্ট ও রিসোর্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় একই পরিবারের ছয়জনসহ একাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। এ ঘটনায় দুই বোনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়।
পরিবারের আদরের দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা শেষে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
মালিহা ও নাবিলার মর্মান্তিক মৃত্যুতে বাউসাইদ গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।
এই বাংলা/এমএস