‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া উপজেলা পরিষদের মূল ফটকে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের সাটুরিয়া শাখার ব্যবস্থাপক ইউসুফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবার সম্মিলিত সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
এই বাংলা/এমএস