রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ওমানের মৎস্য খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তির নতুন কর্মসংস্থানের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ওমানের মৎস্য খাতে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও বিশেষায়িত দক্ষ জনবল নিয়োগের বড় সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের দেশটির শ্রমবাজারে যুক্ত করার বিষয়ে রোববার মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ওমানের শ্রম মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জেলে ও ডেকহ্যান্ড, নৌযানের স্কিপার, মৎস্য প্রকৌশলী এবং অ্যাকুয়াকালচারে ডিপ্লোমাধারীদের জন্য ওমানের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানানো হয়।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক ওমানি প্রতিনিধিদলকে বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে দক্ষ জনশক্তি তৈরি করছে। এসব প্রশিক্ষিত কর্মী ওমানের মৎস্য খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলেও তিনি আশ্বস্ত করেন।

সফররত ওমানি প্রতিনিধিদল বাংলাদেশের প্রশিক্ষণ কারিকুলাম, লজিস্টিক অবকাঠামো এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানায় তারা।

বৈঠকে মৎস্য অধিদপ্তরের আওতাধীন ডিপ্লোমা ইনস্টিটিউট এবং চট্টগ্রামের বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির কারিগরি কোর্স ও সনদ ব্যবস্থাপনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। ক্যাডেট ও প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য ওমানি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে ওমানে প্রচলিত শ্রমিক নিয়োগের পাশাপাশি বাংলাদেশের কারিগরি ডিগ্রিধারী ও বিশেষায়িত মৎস্য পেশাজীবীদের জন্যও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর