রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ঘিরে ময়মনসিংহে জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

সভায় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে।

তিনি পূজামণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানান পুলিশ সুপার। তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার করা যাবে না। গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে ডিএসবি ও ডিবি পুলিশের সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, আজান ও নামাজের সময় পূজার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে পারস্পরিক ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখাতে হবে। পূজা চলাকালে নগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হবে এবং যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আশরাফুল করিম, জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং মহানগর, উপজেলা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর