মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে অস্ত্রের মুখে জমি দখলের অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনিয়ন যুবদল নেতা হানিফের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বেচ্ছাসেবক দল নেতার ১০ দশমিক ৯০ শতাংশ জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমি দখলের প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতা শাহীদুল্লাহ।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিএনপি নেতা রফিক মেম্বার হত্যা ও অস্ত্র মামলার আসামি হানিফ এলাকায় সন্ত্রাস, মাদক কারবার, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে হানিফের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের সদস্য শহিদুল্লাহ বলেন, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ তার ভায়রা। তাদের পারিবারিক সম্পত্তির পাশেই একসময় হানিফের শ্বশুরের সম্পত্তি ছিল। ২০০৪ সালে ওই সম্পত্তি জসিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। জমি কেনার পর জসিম ওই সম্পত্তি ভোগদখলে রয়েছেন।

শহিদুল্লাহর অভিযোগ, জসিমের কাছে জমি বিক্রির পরও হানিফ ওই জমি পুনরায় তার স্ত্রীর নামে নামজারি করেন। এরপর কথিত ওই নামজারির ভিত্তিতে পাশের তাদের জমি দখলের চেষ্টা করে সীমানাপ্রাচীর নির্মাণ করেন তিনি।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহীদুল্লাহ জানান, জমি দখলের বিষয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। পরে থানা পুলিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। কিন্তু হানিফ থানা কিংবা আদালতের নির্দেশনা না মেনে তাদের জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে হানিফের মামা শ্বশুর মহিউদ্দীন বলেন, হানিফের স্ত্রী তার ভাগনি। বিরোধপূর্ণ এলাকায় তার ভাগনি, ভাগনিসহ পরিবারের সবাই তাদের সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। সেখানে তাদের কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। তবে ভাগ্নেজামাই যুবদল নেতা হানিফ কীসের ভিত্তিতে ওই জমি নামজারি করেছেন এবং কীভাবে জায়গা দখল করেছেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না।

জমি দখলের অভিযোগের বিষয়ে যুবদল নেতা হানিফের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর