সমাজের অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণমূলক সংস্থার মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। নিবন্ধিত এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি অনুদান অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যের প্রয়োজন পূরণে কাজে লাগাতে হবে। পাশাপাশি সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে সরকারি অনুদানের আওতায় সংশ্লিষ্ট এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি, এতিমখানার দায়িত্বশীল ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই বাংলা/এমএস