১৪ কোটি টাকা ঋণখেলাপি: ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর সেন্টারের মালিক ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালত-২-এর বিচারক সেঁজুতি জান্নাত এ আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, সোসাল ইসলামী ব্যাংকের ঋণ পরিশোধ না করা পর্যন্ত সরওয়ার মোর্শেদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অর্থঋণ আদালত-২-এর পেশকার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের দায়ের করা খেলাপি ঋণের মামলায় সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। আদেশের কপি পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আদালত ও ব্যাংক সূত্রে জানা যায়, সোসাল ইসলামী ব্যাংকের চকবাজার শাখা থেকে নেওয়া ঋণের বিপরীতে সরওয়ার মোর্শেদের কাছে প্রায় ১৪ কোটি টাকা পাওনা রয়েছে। ঋণ পরিশোধ না করায় ব্যাংক তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।
সরওয়ার মোর্শেদ এর আগে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে বলেও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।