নগরকান্দায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদকবিরোধী অবস্থান বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান বুলবুল সরদারসহ স্থানীয়রা। তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। তাই মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা, তাদের সহযোগীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা “সুন্দর একটি সমাজ গড়ি, মাদককে না বলি” স্লোগান তুলে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।