চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
কর্মশালায় পুলিশ সুপার বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। আইন সম্পর্কে জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে ব্যবহার করলে নিজের পাশাপাশি অন্যের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে চলার বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদেরও ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় ট্রাফিক আইন ছাড়াও মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং ও ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এবং আলোচকরা তাদের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সঠিক উত্তর দেওয়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
কর্মশালায় ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশের সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

