সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে সরকারি সেবা সহজীকরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাবেশ

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের মৌলিক সরকারি ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রাপ্তি নিশ্চিত এবং সহজতর করার লক্ষ্যে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) উপজেলার নিমগাছীর সোনাখাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট’ (ব্রেড)-এর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় সমাবেশটি আয়োজন করা হয়।

ব্রেডের প্রকল্প সমন্বয়কারী আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।

সমাবেশে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা সরকারি বিভিন্ন সুবিধা ও সেবা পাওয়ার ক্ষেত্রে তাঁদের নিত্যদিনের সমস্যা এবং বিদ্যমান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। সেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুজর গিফারী, ব্রেডের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ, প্রকল্প কর্মকর্তা সোলাইমান শেখ, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর