গাকৃবিতে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি পরিচিতিকরণ সেমিনার অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

 

গবেষণা, উদ্ভাবন, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, উন্নত জাত এবং গবেষণালব্ধ জ্ঞান কৃষকদের কাছে পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম অফ্রাদ এবং গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রটির সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান।

সেমিনারে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন এলাকার কৃষক, কৃষাণী, খামারি ও উদ্যোক্তারা অংশ নেন।

মূল প্রবন্ধে প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, উন্নত জাত, আধুনিক উৎপাদন পদ্ধতি, কৃষি যান্ত্রিকীকরণ, জলবায়ু সহনশীল প্রযুক্তি এবং গবেষণার বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো, ফলন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম অফ্রাদ বলেন, মৌলিক ও প্রায়োগিক গবেষণার পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গবেষণার প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন তা গবেষণাগারের গণ্ডি পেরিয়ে কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় গবেষণাকে সমাজের চাহিদার সঙ্গে সম্পৃক্ত করতে এবং কৃষকের বাস্তব অভিজ্ঞতাকে গবেষণার অংশ হিসেবে কাজে লাগাতে নিরলসভাবে কাজ করছে।

আলোচনা শেষে অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা এবং প্রযুক্তি ব্যবহারে প্রয়োজনীয় সহায়তার বিষয় তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি এবং গবেষণা মাঠ পরিদর্শন করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here