নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমসকে গ্রেফতার করেছে পুলিশ। একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নাটোর শহরের বড়গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত একটি হত্যা মামলায় রাকিবুল হাসান জেমস এজাহারভুক্ত আসামি। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলার অভিযোগ অনুযায়ী, নাটোর সদর আসনের তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে এক শিক্ষার্থীকে আটকে রেখে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় জেমসের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অসুস্থ বাবাকে দেখতে নিজ এলাকায় ফিরেছিলেন জেমস। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

