পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়ের নেতৃত্বে বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়েকটি দোকান থেকে তিন বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়।
সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলীর উপস্থিতিতে বাজারসংলগ্ন একটি খোলা স্থানে উদ্ধার হওয়া জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। একই সঙ্গে এক দোকানদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিয়মিতভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব জালের ব্যবহার মাছের পোনা, ডিম এবং বিভিন্ন জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, অবৈধ জালের কারণে প্রাকৃতিক জলাশয়ে মাছের স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হয়, যা দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন কমিয়ে দিতে পারে। তাই আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতেও বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম চালানো হচ্ছে।
মৎস্য বিভাগের তথ্যমতে, নিষিদ্ধ জাল উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার দেশের জলজ সম্পদের জন্য হুমকিস্বরূপ। এ কারণে বিদ্যমান আইন অনুযায়ী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মৎস্যসম্পদ রক্ষা এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এই বাংলা/এমএস
টপিক

