বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ৮ জুন, ২০২৬
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত পরিচালনা পর্ষদে দায়িত্ব গ্রহণের একদিনের মধ্যেই পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী অঞ্চল থেকে নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত।
সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার বিষয়টি উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রে মীর শাকরুল আলম সীমান্ত বলেন, রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে পারিবারিক ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত থাকায় বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটানোর স্বার্থে তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। নির্বাচনের আগেই তিনি দায়িত্ব পালন নিয়ে অনাগ্রহের কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত নির্বাচিত হওয়ার একদিন পরই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।