চরভদ্রাসনে এসএসসি উচ্চতর গণিত পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ, তিন কর্মকর্তাকে শোকজ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র কোড: ৫২১) এ এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত (সৃজনশীল) বিষয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ঘটনা ঘটেছে। ঘটনাটি বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ‘নায়াগ্রা’ (৩ সেট) প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের কথা থাকলেও কেন্দ্রের ৩৪ জন পরীক্ষার্থীকে ভুলবশত ‘সাহারা’ (১ সেট) সেটের প্রশ্নপত্র দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মে অনুষ্ঠিত ওই পরীক্ষায় চরভদ্রাসন উপজেলায় মোট ৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪ জন শিক্ষার্থী নির্ধারিত ‘নায়াগ্রা’ সেটে পরীক্ষা সম্পন্ন করলেও চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাকি ৩৪ জন পরীক্ষার্থী ভিন্ন সেটে পরীক্ষা দেয়।

পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী অন্য কেন্দ্রের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখে বিষয়টি ভিন্ন সেটের হওয়া বুঝতে পারে। পরে বিষয়টি শিক্ষক ও প্রশাসনকে জানানো হলে ঘটনাটি নিশ্চিত হয়।

চরহাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল বলেন, “একজন শিক্ষার্থী বিষয়টি জানানোর পর আমরা দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান জানান, বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, “ঘটনাটি ১৭ মে ঘটলেও আমরা ১৮ মে জানতে পারি। পরে ঢাকা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, সেই অনুযায়ীই খাতা মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব নজরুল ইসলাম, হল সুপার মোজাহারুল হক এবং ট্যাগ অফিসার মো. জাহিদ তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ম অনুযায়ী সমাধান করা হবে এবং পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত রাখা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here