শিক্ষাক্ষেত্রে কোনো আপস নয়: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি :

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষাক্ষেত্রে কোনো আপস করা হবে না। মেধাবী, মানবিক ও নৈতিকতাসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার টাইগারপাসস্থ প্রধান নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত ও বর্তমান নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মেয়র বলেন, “শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে আগামী দিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতি মাসে ৬ থেকে ৮ কোটি টাকা শিক্ষা খাতে ভর্তুকি দিচ্ছে। এটিকে আমরা ব্যয় নয়, ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে দেখি।”

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। কোনো শিক্ষার্থী যেন কোচিং বা প্রাইভেট নির্ভরতার কারণে বাড়তি সুবিধা না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা পিছিয়ে আছে বা চুপচাপ থাকে, তাদের বিশেষভাবে পর্যবেক্ষণ ও যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কিশোর গ্যাং, মাদক ও সামাজিক অবক্ষয় প্রসঙ্গে মেয়র বলেন, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক তদারকির অভাবে অনেক শিক্ষার্থী বিপথগামী হচ্ছে। শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটিয়ে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “একসময় শিক্ষকদের দায়িত্ববোধ ও আন্তরিকতা ছিল অনুকরণীয়। সেই হারানো দায়িত্ববোধ আবার ফিরিয়ে আনতে হবে।”

পড়াশোনাকে শিক্ষার্থীদের কাছে সহজ ও আনন্দদায়ক করতে শিক্ষকদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, রসায়ন, পদার্থবিজ্ঞান বা ইংরেজি বানানের মতো কঠিন বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি হয়।

সভায় তিনি নিজের সাম্প্রতিক কানাডা সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন। মেয়র জানান, আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে চসিকের নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন চসিক কলেজ শিক্ষক সমিতির সভাপতি জনাব মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল হক আকাশ, সহ-সভাপতি মুহাম্মদ নুরল আলম আযাদ ও বিশ্বনাথ নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক ও ড. চিন্ময় গুহ, সাংগঠনিক সম্পাদক আবদুল হক, অর্থ সম্পাদক আহমেদ শাহ আলমগীর, সহ-অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহনাজ আক্তার, সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক, শিক্ষা গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মিসেস তাহমিনা আক্তার, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক মিসেস আয়েশা নাজনীন, দপ্তর সম্পাদক ফিরোজ আলম এবং সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবালসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মেয়রের শিক্ষা-বান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং চসিকের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here