হামজনিত শিশুমৃত্যু রোধে স্বাস্থ্যখাতে জরুরি সংস্কারের দাবি বিশেষজ্ঞদের
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১৬ মে, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশে চলমান হাম রোগে শিশুমৃত্যু বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা এ পরিস্থিতিকে জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করে টিকাদান কর্মসূচি জোরদারসহ স্বাস্থ্যখাতে জরুরি সংস্কারের দাবি জানান।
শনিবার (১৬ মে) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে হামজনিত মৃত্যুবরণকারী শিশুদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. এম এইচ ফারুকী। আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবু সাঈদ, ডা. মুশতাক হোসেন, অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, ডা. এম এইচ চৌধুরী লেলিনসহ আরও অনেকে।
বক্তারা দাবি করেন, টিকাদান কর্মসূচির দুর্বলতা, সময়মতো টিকা প্রয়োগে ঘাটতি, ভিটামিন-এ কর্মসূচির ধারাবাহিকতা ব্যাহত হওয়া এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবের কারণে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়েছে।
তাঁরা টিকাদান কর্মসূচি জোরদার, সরকারি হাসপাতালে বিশেষ হাম কর্নার চালু, ভিটামিন-এ কর্মসূচি নিয়মিত করা, টিকা উৎপাদনে জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।
এছাড়া জেলা ও উপজেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, জনবল সংকট দূর করা এবং স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।